রূপকথা সংখ্যার কথা লেখক বন্ধুদের জানাতে প্রথমে খুব ভাল সাড়া পাইনি। প্রথম একমাসে মাত্র ৫টি লেখা এসেছিল। তারপর সবাইকে এমন জ্বালানো শুরু করলাম যে বাপ বাপ বলে ৪০ এর উপর লেখা হয়ে গেল। আমি নিজেই অবাক। এমনিতেই থিম সংখ্যায় সাধারণ সংখ্যার তুলনায় কম লেখা আসে বলে আমার ধারণা ছিল, কিন্তু কর্ণিকার ছোট্ট জীবনে সে এত লেখা এই প্রথমবার পেয়েছে।
লেখা দেবার আগে সবাই আমার কাছে রূপকথার সংজ্ঞা জানতে চেয়েছিলেন। প্রত্যেকে নিজের নিজের মতো করে রূপকথাকে খুঁজে পেয়ে লেখনীতে ধরেছেন, তবে আমার কাছে রূপকথা কী, তা বলি। রূপকথা মানে নিছক রাজপুত্র আর পক্ষীরাজের গল্প নয়, রূপকথা মানে বাস্তব জীবনের অপূর্ণ ইচ্ছেগুলোর হাত ধরে উড়তে পারা... রূপকথা মানে অপরূপকে ছুঁতে শেখা... রূপকথা মানে যান্ত্রিকতার বিরুদ্ধে কথা বলা...
কর্ণিকার রূপকথা সংখ্যা প্রকাশিত হবার কথা ছিল ১৫ই নভেম্বর, কিন্তু আমি সময় দিতে না পারায় প্রকাশে বিলম্ব ঘটল, তাই আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে খুশির কথা এই যে, কর্ণিকার একেকটি সংখ্যার মধ্যে ব্যবধান ক্রমশ কমছে।
রূপকথা সংখ্যা প্রকাশে হয়তো আরও বিলম্ব ঘটত, কিন্তু প্রলয় আমাকে সাহায্য করায় আমার কাজ কিছুটা কমেছিল, তাই তাকে ধন্যবাদ না দিয়ে পারছি না।
ইউনিকোডের জয় হোক, এই বলে এখানেই লেখা থামালাম।





